ট্রাক চাপায় প্রাণ গেল আরোহীসহ অটোরিকশা চালকের
"উল্টো পথে চালানোর কারণ জানতে চাইলে চালক বলেছে, দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল।”
ঢাকার যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় উল্টোপথে আসা ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালকের মৃত্যু হয়েছে।
মীরহাজিরবাগ কাঁচাবাজার এলাকায় শুক্রবার রাত ১টার দিকে একটি দ্রুতগতির ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানিয়েছেন।
নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। তবে যাত্রীর নাম-পরিচয় পুলিশ এখনো জানতে পারেনি।
ওসি রাজু বলেন, "ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে, আমরা কাজ করছি।"
ঢাকা মেডিকেল কলেজে খাইরুল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি মীরহাজিরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটছে। এর পর পরই একটি অটোরিকশার ওপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক।
পরে তারা ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খাইরুল বলেন, "ঘটনার পর লোকজন ট্রাকের চালককে আটকে রেখে পুলিশে খবর দিলে তারাএসে নিয়ে যায়।
"চালককে উল্টো পথে চালানোর কারণ জানতে চাইলে সে বলেছে, দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটি ধরতে সে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।"
