Published : 16 Aug 2026, 01:57 AM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে চারটি ফ্লাইটে অভিযান চালিয়ে সোনাসহ অন্যান্য পণ্য জব্দের তথ্য দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে ১৩৩ গ্রাম সোনা, ২ হাজার ৫৮৯টি শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮টি নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে।
শনিবার রাতে সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টায় ঢাকায় অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে মো. পারভেজ নামের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।
একপর্যায়ে তার ব্যবহৃত ট্রলিতে বিশেষভাবে তৈরি গোপন স্থানে কৌশলে লুকানো ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা।
একই সঙ্গে লাগেজে লুকানো অবস্থায় পাওয়া যায় ২ হাজার ৫৮৯টি শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ঔষধ। পরে এসব পণ্য জব্দ করা হয়, যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একইদিনে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকায় আসা জনি মিয়া নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়। এসব মদের বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া এমিরেটসের একটি ফ্লাইটে আসা মিজানুর রহমান নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টন সিগারেট এবং ৭০৮টি পাকিস্তানি সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।
অপর এক অভিযানে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী সুমা বেগমের ব্যাগেজ তল্লাশি করে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ৬ লাখ টাকা।
সিআইআইডি বলছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির সমন্বয়ে একই দিনে একাধিক ফ্লাইটে এসব অভিযান পরিচালনা করা হয়।