Published : 16 Jul 2026, 03:29 PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরিচয় গোপন করে ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়।
তিনি বলেন, “পেছনে যেই থাকুক সামনে আমরা আছি।”
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদানের অনুষ্ঠানের কর্মসূচি থাকলেও তা বাতিল করা হয়। মন্ত্রী এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে কেউ আছে কিনা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনসহ কোনো গোষ্ঠী মদদ দিচ্ছে কিনা?
জবাবে সালাহউদ্দিন বলেন, “পেছনে যেই থাকুক সামনে আমরা আছি।”
সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহলতো আছে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেককে দেখা যায় ছাত্রই না, পরীক্ষার্থী না।”
রোববার দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সোমবারের এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।
তবে চট্টগ্রাম বোর্ডে ও এ বিভাগ ছাড়া সোমবার অন্যান্য এলাকায় পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা বোর্ডগুলো। ভারি বর্ষণ চলে সোমবার বিকাল পর্যন্ত। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার অভিযোগ আসে। একই দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দুইটি ভুল প্রশ্নের মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের।
এরমধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ে। যেখানে শিক্ষামন্ত্রীকে এক নারীর সঙ্গে আলাপচারিতায় পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে সম্বোধন করতে শোনা যায়।
এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ, পরীক্ষা স্থগিত করা এবং সোমবারের পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীদের ফের সুযোগ দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, ঝালকাঠি, জয়পুরহাট, বরিশাল, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে পরীক্ষার্থীদের ফার্মের মুরগির সঙ্গে তুলনা করে দেওয়া ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী মিলন।
পরীক্ষা দিতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে, সরকারকে জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বলার কিছু নেই। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি দুই-একটি জেলায় এবং ঢাকায় দুই-একটি স্পটে, তাদের সংখ্যা বেশি না।
“মিডিয়াতে আসার কারণে হয়তো বিষয়টি গুরুত্ব পাচ্ছে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই প্রবণতাটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গেছে যে, সচিবালয়ে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাসের সুযোগ নেওয়া। এগুলো সে সময় তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। সে কারণে এখনও তারা প্রবণতাটা বহাল রেখেছে। শিক্ষার মান ক্ষুণ্ন হোক এরকম কোনো বিষয় মানা হবে না।”
সাবেক আইজিপি বেনজীরকে ফেরত আনা
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া তিনজনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলার কথাও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনানুগ যা কিছু করণীয়, সব আমরা করেছি। আশা করি অল্প সময়ের মধ্যে আমরা সাড়া পাব, চেষ্টা করছি।”
শেখ হাসিনা ফেরার ঘোষণা
সামনে স্থানীয় সরকার নির্বাচনের সময় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফিরে আসার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “এ ব্যাপারে আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমাদের কোন সন্দেহ নেই। স্থানীয় সরকার নির্বাচনের সাথে অন্য কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি।”
শেখ হাসিনার দেশে ফিরে আসার ব্যাপারে তিনি বলেন,
“তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বন্দি বিনিময় চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকার চিঠি দিয়েছে। আমরা এগুলোর ব্যাপারে তাগাদা দিচ্ছি। তিনি বিচারের মুখোমুখি হোক।
“তিনি যেহেতু সাজাপ্রাপ্ত, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কি না সেটা আইন বিশেষজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। আপিলের কোনো সুযোগ থাকলে সেটা হবে।”
কলেমাখচিত পতাকা
সারাদেশে কলেমাখচিত পতাকা দেখা যাওয়া এবং মিছিল করার বিষয়ে এক প্রশ্নে সালাহউদ্দিন বলেন, “হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে আমরা ইংরেজিতে বলি, এরা এক্সিট্রিমিস্ট।
“কিন্তু আমরা মনে করি না দেশে এ রকম কোন সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না।”
মাদক নিয়ন্ত্রণ
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। নতুন শক্তিশালী আইন হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো শক্তিশালী করতে চাই।
“অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়া, ডগ স্কোয়াড দেওয়া এসব করতে কিছুটা সময় লাগবে।”
আহত জুলাই যোদ্ধা
আহত জুলাই যোদ্ধার সংখ্যা দুই হাজারের বেশি হতে পারে বলে অপর এক প্রশ্নের জবাবে বলেন সালাহউদ্দিন।
“চব্বিশের সরকার পতনের শেষ দিকে তারা হাসপাতাল থেকে নথিও গায়েব করে দিয়েছে। অনেক ক্ষেত্রে চিকিৎসা দিতে দেয়নি, অনেক ক্ষেত্রে লাশ গুম করে ফেলেছে। অনেক ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। এখন আত্মীয় স্বজনরা লাশ খুঁজে বেড়ায়। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে, তখন সংখ্যা বাড়বে।”
জুলাই আন্দোলনের সময় নিহতের কথা বলে ভূয়া মামলা দায়ের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় অভিযোগের ভিত্তিতে এগুলো করা হয়েছে। তারাও খুব বেশি তদন্ত করার সুযোগ হয়তো পায়নি। এখন ক্ষেত্রমতে এসব ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আসামি হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।”
ভূয়া বাদীদের ব্যাপারে ব্যবস্থা কী? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাদীদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার বিধান আদালতের। মিথ্যা মামলা করলে যে বিধান বাদীদের ওপর বর্তায় সেটা আদালতের।”
বুধবার একটি হোটেলে খাবার খেতে গিয়ে তিন সংবাদিক হেনস্তার শিকার হওয়ার প্রসঙ্গ আসে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে।
তিনি বলেন, “এই ঘটনা আমার নজরে আসেনি। লিখিত দেন এখনই তদন্তের ব্যবস্থা করব।”