১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক সপ্তাহ পর খুলছে চক্ষু বিজ্ঞান হাসপাতাল

প্রথম দিন খুলছে জরুরি বিভাগ, বহির্বিভাগে সেবা মিলবে বৃহস্পতিবার থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 12:46 AM

Updated : 26 Aug 2026, 01:07 PM

এক সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে চিকিৎসাসেবায় ফিরছে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল থেকে জরুরি বিভাগে রোগী দেখবেন চিকিৎসকরা। আর বহির্বিভাগের সেবা চালু হবে পরশু থেকে।”

তিনি বলেন, "হাসপাতালে মারামারির ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি তদন্ত করে যা পায়, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।"

অধ্যাপক আবু জাফর বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই-যোদ্ধাদের চোখের অবস্থা দেখার জন্যও একটি কমিটি করা হয়েছে।

"আমরা একটি কমিটি করে দিয়েছি। সেখানে সিএমএইচ, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেলের চক্ষু বিশেষজ্ঞদের রাখা হয়েছে।  ওনারা কাল জুলাইয়ে আহতদের চোখ পরীক্ষা করে জানাবেন যে তাদের হাসপাতালে থাকার প্রয়োজন আছে কি নাই।”

কর্মচারীদের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ বিরোধের জেরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে বুধবার থেকে।

সেদিন সকালে হাসপাতালটির কর্মচারীরা কর্মবিরতি শুরু করলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সেখানে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধারা’। 

দুপুরের দিকে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিকালের দিকে।

কিন্তু হামলার অভিযোগ এনে এবং নিরাপত্তার দাবিতে চিকিৎসাসেবা মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখেন চিকিৎসক ও কর্মচারীরা।

আর চক্ষু চিকিৎসায় দেশের প্রধান হাসপাতালটি টানা সাত দিন ধরে বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা।