১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক মামলায় আহসান হাবিবের জামিন, আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন

“অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় তিনি কারামুক্ত হতে পারবেন না,” বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 10:25 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

গুলশান থানার মামলায় আদালত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়ার জামিনের আদেশ দিলেও আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন। এদিন বিকালেই বনানী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই কামার হোসেন।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান সেই আবেদনে ওপর শুনানির দিন সোমবার ধার্য করেছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আহসান হাবিব কারামুক্ত হতে পারবেন না।

শনিবার ভোর ৬টার দিকে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ওই আওয়ামী লীগ নেতাকে। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার তার জামিনের আদেশ আসে।

গুলশান থানার মামলায় অভিযোগ করা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে উসকানিমূলক স্লোগান দেন। তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করে জনমনে ভীতির সঞ্চার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার হন। তাদের মোবাইল ফোনে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, আসামিরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল’ ও রাষ্ট্র অবকাঠামোকে ‘ধ্বংস করার’ প্রচারণা চালাচ্ছে।

গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন ওই ঘটনা সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন গত ১৩ সেপ্টেম্বর।

বনানী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ করা হয়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১১ ও ৬ নম্বর সংযোগস্থলে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা নাশকতা করার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।