১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সমাজকল্যাণ উপদেষ্টার পদত্যাগ চায় ‘ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ’

“তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের গবেষণার কথা বলছেন, যা হাস্যকর,” বলা হয় বিবৃতিতে।

সমাজকল্যাণ উপদেষ্টার পদত্যাগ চায় ‘ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ’
ঢাকার শাহবাগে বুধবার দৃষ্টি প্রতিবন্ধীদের পদযাত্রা আটকে দেয় পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 06:30 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

আন্দোলনরত প্রতিবন্ধীদের সঙ্গে আলোচনায় না বসে ‘কালক্ষেপণ’ করার অভিযোগে সমাজকল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবি তুলছে ‘ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ’।

প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি বলছে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রতিবন্ধীদের বিষয়সমূহ নিয়ে যেসব যুক্তিতে কালক্ষেপণ করছেন, তা ‘হাস্যকর’।

সোমবার এক বিবৃতিতে ডিজএ্যাবিলিটি রাইটস্ ওয়াচ বলেছে, পাঁচ দাবিতে তারা ‘শান্তিপূর্ণ’ আন্দোলন শুরু করে। কিন্তু অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের ওপর দমন-পীড়ন চালায়। 

“আমরা ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচের পক্ষ থেকে সরকারকে দমন-পীড়ন না চালিয়ে অবিলম্বে আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দাবিতে ১৯ অক্টোবর থেকে রাজধানীতে আন্দোলন করছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। 

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে স্বতন্ত্র ২ শতাংশ কোটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটার দাবি তুলেছেন তারা। 

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—নির্বাহী আদেশের মাধ্যমে বিশেষ নিয়োগ দেওয়া, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতলেখক নীতিমালা সংশোধন, পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং প্রতিবন্ধীদের চাকরির বয়সসীমা ৩৫ বছর করা।

বিবৃতিতে ডিজএ্যাবিলিটি রাইটস্ ওয়াচ বলেছে, “বিগত কয়েক বছর ধরে প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস করে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু সরকার তাদের চাকরিতে যোগদানের সুযোগ দিচ্ছেন না। ফলে তারা আন্দোলনের অংশ হিসেবে তারা তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এর কপি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সূবর্ণ কার্ড পুরিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছে। 

“আমরা ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ লক্ষ্য করছি, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করার জন্য এগিয়ে আসছে না।”

সমাজকল্যাণ উপদেষ্টার সমালোচনা করে বিবৃতিতে বলা হয় “এ বিষয়ে তার সঙ্গে কাউকে দেখা করার সুযোগও দিচ্ছেন না। বরং তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো নিয়ে অহেতুক কালক্ষেপণ করার জন্য বিভিন্ন ধরনের গবেষণার কথা বলছেন, যা হাস্যকর। এটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ চাই।”

ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ সুশীল সমাজ, কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীসহ সবাইকে ‘নিরব না থেকে’ প্রতিবন্ধী নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দাবি দ্রুত মেনে নিয়ে সে আলোকে প্রজ্ঞাপন জারি করতে সরকারকে আহ্বান জানিয়েছে।