১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রী-পুত্রের আয়কর নথির অনুলিপি সরবরাহের নির্দেশ

গত ২ মার্চ তাদের আয়কর নথি জব্দের আদেশ আসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 01:15 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত অনুলিপি সরবরাহের নির্দেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল-৯ ও ১০ এর কর কমিশনারকে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান আয়কর নথির সত্যায়িত অনুলিপি চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, নাজিম উদ্দিনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্ত্রী ও সন্তানের আয়কর নথির (করবর্ষ ২০১৩-২০১৪ থেকে ২০২৫-২০২৬ পর্যন্ত) সত্যায়িত বা সার্টিফায়েড অনুলিপি পর্যালোচনা করা দরকার।

এর আগে গত ২ মার্চ নাজিম উদ্দিন এবং তার স্ত্রী ও ছেলের আয়কর নথি জব্দের আদেশ দেয় একই আদালত।