Published : 30 Dec 2025, 06:32 PM
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করায় এ দিন অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বৃত্তির বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো।
ওই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রীয় শোক এবং বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে, তাই বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষা ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।"
পরীক্ষা স্থগিত ও নতুন তারিখ ঘোষণা দিয়ে শিক্ষা বোর্ডগুলো বিজ্ঞপ্তি জারি করছে বলেও জানান এ কর্মকর্তা।
অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
রোববার বাংলা, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত-এই তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা হলেও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে একসঙ্গে।
বৃত্তি পরীক্ষার মোট নম্বর ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা হবে ৩ ঘণ্টা সময়ে।
এ পরীক্ষার ফলের ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ কোটায় ও ‘সাধারণ’ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন।
একই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বুধবারের দাখিল অষ্টম শ্রেণির এবং এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাও।
মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক আদেশে এ ঘোষণা দিয়ে জানানো হয়েছে, বুধবারের দাখিল অষ্টম শ্রেণির এবং এবতেদায়ী পঞ্চম শ্রেণির পরীক্ষাটি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার দাখিল অষ্টম শ্রেণির এবং এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তির গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে রোববার এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তির কুরআন মাজিদ, সোমবার আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, মঙ্গলবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আর রোববার দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ, সোমবার আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, মঙ্গলবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।