Published : 07 Apr 2026, 11:07 PM
জাতীয় সংসদের নতুন সদস্যদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার বিষয়ে ওরিয়েন্টেশন কোর্স চালু করতে ইউএনডিপির সহযোগিতা চেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার জাতীয় সংসদে তার কার্যালয়ে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন স্পিকার।
পরে ব্ঠৈকের আলোচনার বিষয় তুলে ধরে সংসদ সচিবালয় সংবাদ বিজ্ঞপ্তি দেয়।
এতে বলা হয়, বৈঠকে ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, জাতীয় সংসদের অধিবেশন এবং কার্যপ্রণালি বিধি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে স্পিকার বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করতে হবে।
“ইউএনডিপি নতুন সংসদ-সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ারের বিষয় আলোচনায় সহযোগিতা করতে পারে।”
নারী সংসদ সদস্যদের জন্যও আলাদা সহযোগিতার কথা তুলে ধরেন স্পিকার।
সংসদের আধুনিকায়নের কয়েকটি ক্ষেত্রও তুলে ধরেন তিনি। বলেন, সংসদে ডিজিটাইজড লাইব্রেরি ব্যবস্থার প্রবর্তন, অধিবেশন চলাকালে দিনের কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা অত্যাবশ্যক।
বৈঠকে বর্তমান সংসদের রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দল ‘খুবই সহযোগিতামূলক ভূমিকা’ পালন করছে এবং সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে ‘খুবই উদার ও সচেষ্ট’।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে ‘অত্যন্ত প্রাণবন্ত’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, “ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। ইউএনডিপি’র সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাতে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হকসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।