১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদ সই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

ঐতিহাসিক এ মুহূর্তের অংশ হতে সব বাংলাদেশির প্রতিও আহ্বান রেখেছেন তিনি।

জুলাই সনদ সই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 01:41 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে সব টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে ঐতিহাসিক এ মুহূর্তের অংশ হতে সব বাংলাদেশির প্রতি আহ্বান রেখেছেন তিনি।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এসব আহ্বান জানানো হয়।

শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে চূড়ান্ত হওয়া জাতীয় জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সই করার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলের নেতা ও আমন্ত্রিত অতিথিরা।

সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ইউনূস তার বার্তায় বলেন, “আপনি যেখানেই থাকুন না কেন বাড়িতে বা চলন্ত যানে, আপনার দোকানে, কারখানায়, মাঠে বা খেলার মাঠে সরাসরি যুক্ত হয়ে এ ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন!

“আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা নৃতাত্ত্বিক পার্থক্য সত্ত্বেও আমরা একত্রিত এক জাতি হিসাবে একসঙ্গে দাঁড়িয়ে আছি।''

তিনি বলেন, “এটাই আমাদের একসঙ্গে উদযাপনের সময়। ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এ ঐতিহাসিক দিন থেকে শক্তি আহরণ করার! ১৭ অক্টোবর, শুক্রবার, বিকাল ৪:০০টা।”