১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বঙ্গভবনে সাক্ষাৎকালে দেশে বিরাজমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 12:16 AM

Updated : 26 Aug 2026, 10:02 AM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশে বিরাজমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে খবর বাসসের।

সাক্ষাৎ সম্পর্কে রাষ্ট্রপতির প্রেস সচিব ব্রিফে বলেন, সাক্ষাতের সময় সেনাপ্রধান ঢাকাসহ দেশের ৫৭ জেলায় ২৭ হাজার সেনা মোতায়েনের তথ্য অবহিত করেন রাষ্ট্রপতিকে।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন ততদিন সেনা সদস্যরা মাঠে থাকবে বলে রাষ্ট্রপতিকে জানান সেনাপ্রধান।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল, সেতুভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা করেন।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে তাদের হীনস্বার্থ কায়েমের পাশাপাশি দেশের উন্নয়নকে ধ্বংস করতে চেয়েছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তিনি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা মোতায়েনের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে ধন্যবাদ দেন।

রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, খুব শিগগর আইন-শৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দেশ এগিয়ে যাবে।

এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন বলে তথ্য দিয়েছে বাসস।