Published : 09 Jul 2026, 08:13 PM
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদের দায়িত্বগ্রহণকে সামনে রেখে অন্যান্য কাজ সারতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার এক সরকারি আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খলিলুর রহমান ৯ জুলাই নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। ২৯ জুলাই বা কাছাকাছি সময়ে তার দেশের ফেরার কথা রয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তথ্য দিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ বিষয়ে, কাজ সেরে ২৩ জুলাই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন।
এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে।
সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে পরবর্তী সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান।
সদস্য দেশগুলোর ভোটে গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
জাতিসংঘের সদস্য ১৯৩ দেশের মধ্যে ১৯০টি দেশ ওই ভোটে অংশ নেয়। খলিলুর রহমান ৯৯ এবং কাকোরিস ৯১ ভোট পেয়েছেন।