১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্রাম আদালত ৩ লাখ টাকা জরিমানা করতে পারবে

একজন চেয়ারম্যান এবং উভয়পক্ষ মনোনীত দুজন করে মোট পাঁচজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হবে।

গ্রাম আদালত ৩ লাখ টাকা জরিমানা করতে পারবে
সংসদ অধিবেশন। পিআইডির ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:52 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়িয়ে ‘গ্রাম আদালত (সংশোধন) বিল-২০২৪’ জাতীয় সংসদে পাস হয়েছে।

এতোদিন গ্রাম আদালত সর্বোচ্চ ৭৫ হাজার টাকা জরিমানা করতে পারলেও এখন ৩ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পারবে।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের জন্য মঙ্গলবার সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলের তফসিলে সাত ধরনের দেওয়ানি মামলার কথা বলা হয়েছে, যার মধ্যে আছে- কোনো চুক্তি রশিদ বা অন্য কোনো দলিল মূল্যের প্রাপ্য অর্থ আদায়; কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়ের মামলা; স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে তার দখল পুনরুদ্ধারের মামলা; কোনো অস্থাবর সম্পত্তির জবরদখল বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা; গবাদি পশুর অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণের মামলা; কৃষি শ্রমিকদের পরিশোধ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা এবং কোনো স্ত্রীর তার বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা।

বিলে বলা হয়েছে, একজন চেয়ারম্যান এবং উভয়পক্ষ মনোনীত দুজন করে মোট পাঁচজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হবে। প্রত্যেক পক্ষের মনোনীত দুই সদস্যের মধ্যে একজনকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে।

ফৌজদারি ও দেওয়ানি মামলার সঙ্গে কোনো নারীর স্বার্থ জড়িত থাকলে সংশ্লিষ্ট পক্ষ সদস্য মনোনয়নের ক্ষেত্রে একজন নারীকে মনোনয়ন দেবে। চারজন সদস্যের উপস্থিতিতে গ্রাম আদালতের সিদ্ধান্ত দুই-দুই ভোটে অমীমাংসিত হলে চেয়ারম্যান নির্ণায়ক ভোট দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলে বিলে বলা হয়েছে।