১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

আরও ২ উপদেষ্টার শপথ দুপুরে

এদিনই নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেবেন।

আরও ২ উপদেষ্টার শপথ দুপুরে
বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 12:32 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রোববার শপথ নিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায়।

তাদেরকে দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপ্রধানের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আরও দুজন উপদেষ্টা শপথ নিবেন। দুপুর ১২টায় শপথ হবে।”

এছাড়া নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও দুপুরে শপথ নেবেন বলে জানিয়েছেন জয়নাল আবেদীন।

ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা সেদিন শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথ নিচ্ছেন।

অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেছিলেন, দেড়মাস ধরে মেয়েদের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা চাইলে ১৪ অগাস্ট দেশ ফেরার পর শপথ নেবেন। ১২ অগাস্ট দেশে ফেরার টিকেট করা আছে তার, ১৪ অগাস্ট ঢাকায় পৌঁছানোর কথা।

প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে শপথ নেন। সেদিন তার সঙ্গে উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৩ জন।

তারা হলেন- সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ; লেখক, রাজনীতি-বিশ্লেষক, কলামিস্ট অধ্যাপক আসিফ নজরুল; সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান; সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ; সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন; বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন; বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার; হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও সুন্নী দেওবন্দি ইসলামি পণ্ডিত আ ফ ম খালিদ হাসান; গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম; নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।