১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গেন্ডারিয়ায় তরুণীর গলাকাটা লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

“আমরা আশেপাশের অনেককেই জিজ্ঞাসা করেছি, কিন্তু তাকে কেউই চিনতে পারেননি,” বলেন ওসি।

গেন্ডারিয়ায় তরুণীর গলাকাটা লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 11:10 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশনের পাশ থেকে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ পাওয়া খবরের ভিত্তিতে রোববার সকালে লাশটি উদ্ধারের বিষয়টি জানিয়েছেন গেন্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা।

পুলিশের ধারণা, ওই তরুণীকে ‘ধর্ষণের পর পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা’ করা হয়েছে।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ওই তরুণীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।

কিন্তু আঙ্গুলের ছাপ না মেলায় এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ওসি গোলাম মর্তুজা বলেন, “তরুণীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রেলস্টেশনের পাশেই লাশ পড়েছিল। আমরা আশেপাশের অনেককেই জিজ্ঞাসা করেছি, কিন্তু তাকে কেউই চিনতে পারেননি।

“ময়নাতদন্ত হওয়ার পাশাপাশি কেউ তার বিষয়ে হাসপাতাল বা পুলিশের কাছে খোঁজ করে কি না, জানার চেষ্টা করছি। এদিকে আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তার গতিবিধি জানার চেষ্টা করব।”

তিনি বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরনে খয়েরি রঙের সালোয়ার, সাদা ফুলতোলা কামিজ ও ওড়না রয়েছে।