১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমান কি ভারতে আসছেন? ‘আপডেট’ থাকলে জানাবে নয়াদিল্লি

শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যাকাণ্ড ও ‘র’ প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়েও জয়সওয়ালকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

তারেক রহমান কি ভারতে আসছেন? ‘আপডেট’ থাকলে জানাবে নয়াদিল্লি
রণধীর জয়সওয়াল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 10:01 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে থাকছেন কিনা, সেই প্রশ্নে হ্যাঁ-না কোনো উত্তর দেয়নি নয়াদিল্লি।

বরং এ বিষয়ে কোনো ‘হালনাগাদ তথ্য’ থাকলে জানিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার নয়া দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারতের সফরের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়া ও ‘র’ প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা। 

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়াল বলেন, “আমরা এর আগে গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপর ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

“এসব আমন্ত্রণের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।”

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।

সোমবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

জয়সওয়ালের কাছে এ সাক্ষাতের বিষয়ে জানতে চান এক সাংবাদিক। 

জবাবে তিনি বলেন, “সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছে।”

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তার এ ঘোষণার পর জয়সওয়ালের প্রায় প্রতিটি সাপ্তাহিক ব্রিফিংয়েই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির মনোভাব জানতে চেয়েছেন সংবাদকর্মীরা। আর প্রতিবারই ‘আইনের আলোকে’ বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে নরেন্দ্র মোদীর সরকার।

মঙ্গলবারের ব্রিফিংয়েও শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চান এক সাংবাদিক। শেখ হাসিনার মামলার নথি ঢাকার তরফে পাঠানো হয়েছে কিনা, সে প্রশ্নও করেন তিনি।

জবাবে জয়সওয়াল বলেন, “এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। ভারতের নিজস্ব প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে জানিয়ে দেওয়া হবে।”

গত বছরের ডিসেম্বরে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদকে, যিনি গেল মার্চে সহযোগীসহ পশ্চিমবঙ্গে পুলিশের হাতে ধরা পড়েন।

ঢাকার তরফে বলা হয়েছে, তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের সময় হাদি হত্যার আসামিদের ফেরত চাওয়া হয়েছে। 

এ বিষয়ে নয়াদিল্লির মনোভাব জানতে চাইলে জয়সওয়াল বলেন, “এটি একটি আইনি বিষয়। এ বিষয়ে তদন্ত চলছে।”