২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুদকের মামলায় হানিফ পরিবহনের মালিক হানিফ খালাস

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 12:45 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

সম্পদ বিবরণী না দেওয়া অভিযোগে করা দুদকের মামলায় হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়াকে খালাস দিয়েছে আদালত। 

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।

রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. বেলাল হোসেন খালাসের তথ্য জানিয়েছেন।

সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় ২০২১ সালে ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থার উপপরিচালক আবু বকর সিদ্দিক, ২১ অগাস্টের গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, মো. হানিফ মিয়া নিজ নামে ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ১৬৩ টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৮০ হাজার ২০৯ টাকা অস্থাবর সম্পদসহ মোট  চার কোটি ৪ লাখ ৩৬ হাজার ৩৭২ টাকার সম্পদ অর্জন করেন। 

এই সম্পদের মধ্যে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৭০৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারার বিধান অনুযায়ী, ২০২০ সালের ২৯ নভেম্বর সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।

হানিফ মিয়া এই সময়ের মধ্যে সম্পদ বিবরণী দিতে ব্যর্থ হন। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।