১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘সড়ক আটকাবেন না’ শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা, অবস্থান চলবে

“নিয়োগ নিশ্চিতের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

হাই কোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা ‘সড়ক না আটকে’ নিয়োগ নিশ্চিতের দাবিতে ‘শান্তিপূর্ণ’ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর রাতে এ ঘোষণা দেন আন্দোলনরতরা।

তাদের নেতা ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রার্থী তালুকদার পিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমরা ‘শান্তিপূর্ণ’ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি। নিয়োগ নিশ্চিতের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব।

“তবে কোনো সড়ক অবরোধ করা হবে না। আমরা রাতে প্রেস ক্লাবে অবস্থান করব আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।”

পিয়াস বলেন, “আমাদের নিয়োগ বাতিলে হাই কোর্ট যে রায় দিয়েছে, তা পুনর্বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপিল করেছে বলে উপদেষ্টা মহোদয় আমাদের জানিয়েছেন। আমাদের নিয়োগ নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তারা আশা করছেন, আপিল নিষ্পত্তি হলে আমরা যোগদান করতে পারব।”

গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়। 

সেদিন রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। 

নিয়োগ বাতিল হওয়া নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচিত প্রার্থী আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বোচ্চ আদালত থেকে কোটা পুনর্নির্ধারণ করার আগে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। হাই কোর্ট যে রায় দিয়েছে তা বৈষম্যমূলক।”

শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা সোমবার দুপুরে শাহবাগ মোড় আটকে অবস্থান নিলে তাদের লাঠিপেটা করে পুলিশ। রাত থেকে তারা শাহাবাগে অবস্থান নেন। এর আগে তারা প্রেসক্লাবের সামনে অবস্থানে ছিলেন।

তার আগে গত শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে তার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দারের কাছে আন্দোলনকারীদের দাবির বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

জবাবে উপদেষ্টা বলেন, “হাই কোর্টে একটা রায় হয়েছে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছি রায় পুনর্বিবেচনার জন্য।”