পহেলা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি
রমনায় বিকাল ৫টার পর আর প্রবেশ করা যাবে না।
বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি দেখছেন না ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেছেন, “সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।”
রোববার রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি বলেন, “অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে।
“কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না এবং শব্দ দূষণ হয়—এরকম বাঁশিও ব্যবহার করা যাবে না।”
রমনায় বিকাল ৫টার পর আর প্রবেশ করা যাবে না জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরোয়ার বলেন, “অনুষ্ঠানস্থলসমূহে সর্বসাধারণের প্রবেশের জন্য ভোর ৫টায় গেইট খোলা থাকবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করে রমনা পার্ক ত্যাগ করতে হবে।”
রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল সোয়া ৬টা হতে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলবে। এ অনুষ্ঠানের জন্য অরুণোদয় গেইট, রমনা রেস্তোরাঁ গেইট ও শিশু পার্কের বিপরীতে অস্তাচল গেইট দিয়ে প্রবেশ করা যাবে বলেন তিনি।
বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে জানিয়ে পুলিশ কর্মকর্তা সরওয়ার বলেন, “শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ থানা মোড়-টিএসসি ক্রসিং (রাজু ভাস্কর্য)-ঢাবি মেট্রো স্টেশন- তিন নেতার মাজার-দোয়েল চত্বর ক্রসিং (ইউটার্ন)-বাংলা একাডেমি-টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে।"
