Published : 04 May 2026, 03:13 PM
বর্ষা মৌসুমে পরিচ্ছন্নতা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে আড়াই হাজার রেইনকোট বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার সকালে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেওয়া হয় বলে ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “আজ আমরা এমন মানুষদের নিয়ে এই অনুষ্ঠান করছি, যারা ভোর থেকেই অক্লান্ত পরিশ্রম করে শহর পরিষ্কার রাখেন। তাদের শ্রমেই নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পায়।”
তিনি বলেছেন, “গত ঈদে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা বিবেচনা করে আলাদা বোনাসের ব্যবস্থা করেছেন। এটি আপনাদের কাজের প্রতি সম্মান প্রদর্শনের একটি নিদর্শন।”
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, “আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলে তবেই আমরা নিজেদের সফল মনে করব।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন সামগ্রী দেওয়া হচ্ছে। এর আগে শীতের কাপড়, মাস্ক ও গামবুট বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করা হচ্ছে।
সবাইকে ‘ক্লিন ঢাকা’ উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এখন আমাদের সবার দায়িত্ব ‘ক্লিন ঢাকা’ উদ্যোগকে এগিয়ে নেওয়া। এ জন্য আমাদের সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন।”
পরিচ্ছন্নতাকর্মী আয়েশা খাতুন বলেন, “বর্ষার শুরুতেই রেইনকোট পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সুবিধা–অসুবিধার দিকে আপনারা খেয়াল রাখেন। আমরাও আপনাদের পাশে থেকে শহরের জন্য কাজ করতে চাই।”
পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর মধ্যেও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অনুষ্ঠানের এক বক্তা।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।