১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনিসুল, মামুন আরো মামলায় গ্রেপ্তার

এর আগে তাদেরকে কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

আনিসুল, মামুন আরো মামলায় গ্রেপ্তার
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 12:26 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে খিলগাঁও থানার হত্যা মামলায় আনিসুলকে এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মামুনকে।

এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে সোমবার তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

এদিন সকাল ৮টায় তাদেরকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দুই থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। 

বিচারক তা মঞ্জুর করলে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

শুনানিতে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আসামিদের জামিন চাইলে তা নাকচ করে দেন বিচারক। জামিন আবেদনের বিরোধিতা করে শুনানি করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

দুই আসামিকেই খিলগাঁওয়ের মোহাম্মদ জুবায়ের আহমাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন গত ৫ অগাস্টে খিলগাঁও চৌরাস্তায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে জুবায়ের গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আর উত্তরা পশ্চিম থানার সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। 

ওই সময় উত্তরা পশ্চিম থানার এলাকায় বিক্ষোভ চলাকালে হামলা চালানো হয়। এতে সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান। 

এর আগে আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।