১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তরুণদের উদ্ভাবক ও নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে: শিক্ষা উপদেষ্টা

“আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

তরুণদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেছেন, “তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে—যাতে তারা নিজেদের দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।”

রোববার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-আইইউটির ৩৭তম সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন-ওআইসির প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক ও ওআইসি সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, “শিক্ষা কোনো ব্যয় নয়; এটি হলো শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ।”

বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম পরিচালনা করছে তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে।”

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।”

২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী ও সাবেক ছাত্রদের স্মরণ করে অধ্যাপক আবরার আইইউটি অ্যালামনাই জাহিদুজ্জামান তানভিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আইইউটির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করে বলেন, “সমাজের অগ্রগতির জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “তোমাদের শিক্ষা একটি আমানত—এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, আর সহমর্মিতা হোক তোমার শক্তি।”

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওআইসির সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) আফতাব আহমেদ খোকের এবং আইইউটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। 

সমাবর্তন বক্তা ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক মুস্তাফিজুর রহমান।