নিখিল ও ডিপজলদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন নিখিল।
সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল ও চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ দোসরদের বিচার দাবিতে ঢাকায় মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজধানীর দারুস সালাম টাওয়ারের সামনে ‘বৃহত্তর মিরপুরের ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচিতে ‘সাধারণ মানুষ’ ছাড়াও বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
“শেখ হাসিনার নেতৃত্বে যারা দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও শিক্ষাঙ্গন ধ্বংস করেছে, তাদের বিচারের দাবিই আজকের মানববন্ধনের মূল বার্তা।”
মানববন্ধনে ‘ডিপজলের ফাঁসি চাই’, ‘নিখিলের ফাঁসি চাই’,‘দোসরদের ফাঁসি চাই’, ‘সন্ত্রাসীদের ফাঁসি চাই’সহ বিগত সরকারে বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন নিখিল। তিনি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
