Published : 28 May 2026, 11:18 AM
ঈদুল আজহার দিন বনানী সেনা কবরস্থানে গিয়ে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি যান শেরেবাংলা নগরে। সেখানে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।
শেরেবাংলা নগর থেকে প্রধানমন্ত্রী যান বনানীতে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরস্থানে। সেখানে গিয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

পরে সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বনানী সামরিক কবরাস্থানে যান। প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর নৌ বাহিনী সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী এবং জুবাইদা রহমান যান পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে। সেখানে স্মৃতি স্তম্ভের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। তাদের অধিকাংশকে এই সেনা কবরাস্থানে সমাহিত করা হয়েছে।