১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্রিড বিপর্যয় কাটিয়ে বিদ্যুৎ ফিরছে রাজধানীর বিভিন্ন অংশে

রামপুরা গ্রিডে রাত ৯টা ৪১ মিনিটের সময় কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 12:29 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

রামপুরায় গ্রিড বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকার বড় একটি অংশ ঘণ্টা দুয়েক বিদ্যুৎবিহীন থাকার পর আবার আলোকিত হয়ে উঠতে শুরু করেছে।

বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পিজিসিপির পক্ষ থেকে জানানো হয়, রাত ১১টা ৪৫ মিনিটের সময় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

কোম্পানিটি বলেছে,  রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে ‘অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট ত্রুটি’ মেরামত করার পর আবার সংশ্লিষ্ট গ্রিডগুলো বিদ্যুৎ সরবরাহের আওতায় এসেছে। 

এর আগে রোববার রাত ৯টা ৪১ মিনিটের সময় রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এতে রাজধানীর রামপুরা ও এর আশপাশের এলাকাসহ বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার, মধুবাগ, ইস্কাটন, ফার্মগেট, রাজাবাজারসহ রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পিজিসিবি এবং ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহকারী ডেসকোর তরফে জানানো হয়, রামপুরা সুপার গ্রিড এর ২৩০ কেভি অংশে সমস্যার কারণে এ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ডেসকোর জনসংযোগ দপ্তর বলেছে, রামপুরার গ্রিডে বিপর্যয়ের কারণে ডেসকো'র বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের (আংশিক), পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড, গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান সংবাদমাধ্যমকে বলেছেন, “অন্য একটি গ্রিড থেকে বাইপাস করে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। এতে আধা ঘণ্টার মত সময় লাগতে পারে।”