Published : 10 Sep 2026, 05:46 PM
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন না থাকায় আইন অনুযায়ী সকল বৈধ প্রার্থীই নির্বাচন করতে পারবেন বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এখানে তো আওয়ামী লীগ হিসেবে তো নির্বাচন করছে না। না, না, এখানে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগই নাই। কারণ, দলীয় মনোনয়নও থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না।”
একজন সাংবাদিক প্রশ্ন করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে?
জবাবে শাহে আলম বলেন, “বিএনপির আলাদা কোনো অবস্থান নেবে না এই নির্বাচনে। সরকারের বার্তা স্পষ্ট, যেহেতু এটা দলীয় নির্বাচন না, এই নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা আছে আইন অনুযায়ী, সবাই অংশগ্রহণ করতে পারবে।
“দলীয় নির্বাচন যেহেতু না, এখানে দলের প্রশ্ন আসছে কেন? সাধারণভাবে কে নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে, যারা বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা করতে পারবে। এখানে তো কোনো সমস্যা নেই।”
ইতোমধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি জারি করা হয়েছে।
চলতি বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের ভোট শুরু করতে চায় নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে বিএনপি ইউনিয়ন পরিষদে প্রার্থীকে সমর্থন দেবে। উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী ঠিক করে দিতে পারে।
তিনি বলেন, “দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে একটা নির্দেশনা দেওয়া আছে, যাতে স্থানীয় বিএনপি সর্বোচ্চ চেষ্টা করে সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার জন্য।”
মীর শাহে আলম বলেন, “সরকারের ভূমিকা থাকবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা।”
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী শাহে আলমের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চায় যুক্তরাজ্য। তারা জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। অর্থবছর বদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সারাহ কুক।”
সারাহ কুক বলেন, “ভবিষ্যতে কীভাবে একসাথে কাজ করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে।”