Published : 16 Jun 2026, 08:03 PM
নতুন করে জাতীয় অধ্যাপক মনোনয়ন দিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে ‘সুপারিশ কমিটি’ গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা-২০২৩’ অনুযায়ী এ কমিটি গঠন করে সোমবার আদেশ জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
কমিটির অন্য সদস্যরা হলেন- শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
পদাধিকার বলে শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে প্রধানমন্ত্রী মনোনীত দুইজন মন্ত্রী এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে সদস্য করে এ কমিটি গঠনের কথা বলা আছে নীতিমালায়।
নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ৪ জন জাতীয় অধ্যাপক মনোনীত করতে পারে সরকার। এ পদের মেয়াদ ৫ বছর।
এই কমিটি জাতীয় অধ্যাপকের প্রতিটি পদের জন্য ৩ জন করে ‘যোগ্য’ ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগের জন্য মনোনয়ন দেবে।
পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ মনোনয়ন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জাতীয় অধ্যাপক পদে নিয়োগপত্র জারি করবে।