Published : 08 Sep 2026, 09:05 PM
র্যাবের নাম বদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিলে স্বাধীন অভিযোগ তদন্তের ব্যবস্থা, আটক ও অভিযানের ক্ষেত্রে নজরদারির বিষয়ে ভিন্নমত দিয়েছেন বিরোধী দলের সদস্যরা।
একই সঙ্গে পুলিশের বিশেষ এ ইউনিটের পুরোনো রেকর্ড সুরক্ষাসহ কয়েকটি বিষয়েও মতামত দিয়েছেন তারা।
তাদের ভাষ্য, র্যাবের জনবল, স্থাপনা, রেকর্ড, সম্পদ ও দায় সরাসরি নতুন ইউনিটে চলে যাওয়ার বিধান থাকলেও নতুন ইউনিটটি র্যাবের চেয়ে কীভাবে আলাদা হবে, তা বিলে যথেষ্ট স্পষ্ট নয়।
বিরোধী দলের সদস্যদের এমন পরামর্শের মধ্যেই মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পরীক্ষা করে প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে তাদের ভিন্নমত ও সংশোধনী প্রস্তাব দিয়েছেন।
গত বৃহস্পতিবার র্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী গঠনের প্রস্তাব রেখে বিলটি সংসদে তোলা হয়। পরে তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
মঙ্গলবারের বৈঠক শেষে কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, “র্যাবকে বিলুপ্ত করার অঙ্গীকার ছিল। কিন্তু এখন আসলে র্যাব যেভাবে ছিল হুবহু রেখে দেওয়া হয়েছে। তারা বিলের ৭–৮টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন।”
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলটি বিস্তারিত আলোচনা শেষে সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে বলা হয়, অতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে অপব্যবহার করা হয়েছে। তবে কোনো বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত না করে এর দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
একই সঙ্গে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।