Published : 29 Jun 2026, 01:09 AM
বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি ডায়াস্পোরা বা প্রবাসী জনগোষ্ঠীকে এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে অক্সফ্যাম।
রোববার ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, ইচ্ছা থাকা স্বত্বেও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মের অভাবে বিদেশে বাংলাদেশি ডায়াস্পোরা দেশের জন্য অবদান রাখার ভালো সুযোগ পান না। সেই অভাব মেটাতে তৈরি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ডায়াস্পোরা ব্যক্তিরা যাচাইকৃত বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে পারবেন।

‘ব্রিজ টু বাংলাদেশ’ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন, ডায়াস্পোরা সদস্যরা সবসময় দেশের উন্নয়নে অবদান রাখতে চান। এ ক্ষেত্রে তাদের আস্থা তৈরি এবং দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা জরুরি।
“দীর্ঘ অপেক্ষার ডায়াস্পোরা নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এটার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।”
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বলেন, “জাতীয় সংকট, মানবিক সংকট এবং বড় রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে বাংলাদেশি ডায়াস্পোরা সবসময় দেশের পাশে দাঁড়িয়েছে।

“আমার মতো ব্রিটিশ বাংলাদেশিরা বাংলাদেশের উন্নয়ন ও নীতিতে অবদান রাখতে চায়। সুতরাং আমি মনে করি, এই প্ল্যাটফর্ম সে ক্ষেত্রে উপকারী হবে।”
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ বলেন, “দেশের উন্নয়নে ডায়াস্পোরা ও প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করতে সরকারের চেষ্টা, তাতে সহায়ক ভূমিকা রাখবে এই প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে অক্সফ্যামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা লরা টম-বন্ডে, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিয়ন, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বক্তব্য দেন।