Published : 19 Aug 2026, 11:59 PM
ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য তৌফিক নাওয়াজের মৃত্যুতে শোক প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
দীর্ঘাদিন ধরে অসুস্থ থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন। বৃহস্পতিবার স্বামীকে শেষবার দেখতে তাকে প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।
তৌফিক নাওয়াজের মৃত্যুতে শোক প্রকাশ করে বুধবার টিআইবি বলেছে, বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট, টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এবং টিআইবি সদস্যদের পক্ষ থেকে তৌফিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে টিআইবি।
আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেন। সর্বশেষ গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।