১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সার সংকট: কৃষক নিহতের ঘটনা টানলেন জামায়াতের মাসুদ, তখন কৃষিমন্ত্রী ছিলেন নিজামী বললেন চিফ হুইপ

নূরুল ইসলাম মনির মতে, কৃষকের ওপর গুলির ব্যবস্থা করেছিল তৎকালীন যারা এই দেশের উৎখাত ও ধ্বংস চায় তারা।

সার সংকট: কৃষক নিহতের ঘটনা টানলেন জামায়াতের মাসুদ, তখন কৃষিমন্ত্রী ছিলেন নিজামী বললেন চিফ হুইপ
ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 01:27 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

সার সংকট নিয়ে জাতীয় সংসদে আলোচনার মধ্যে কৃষককে গুলি করে হত্যার পুরোনো ঘটনা, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর কৃষিমন্ত্রিত্ব এবং ‘বট বাহিনী’ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে।

বুধবার রাতে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে সার সংকট নিয়ে আলোচনায় এসব প্রসঙ্গ আসে।

পটুয়াখালী-২ আসনে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সরকারের পর্যাপ্ত সার থাকার দাবির বিপরীতে মাঠপর্যায়ের সংকটের অভিযোগ তুলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করেন।

তিনি বলেন, “প্রথম আলো রিপোর্ট, ন্যায্যমূল্যের চেয়েও বেশি টাকা দিয়ে সার পাচ্ছে না কৃষক। এটা জামায়াত বা বিরোধী দলের বট বাহিনীর কোনো রিপোর্ট না।” 

এরপর সার নিয়ে কৃষকের বিক্ষোভ, বাড়তি দাম ও অবৈধ মজুদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, “এই কথাগুলো কি আমরা শুধুমাত্র ফেইসবুক থেকে দেখছি, গুজব? এগুলো যদি গুজব হয়, তাহলে তো এ পত্রিকার ব্যাপারে আপনাদের কথা বলা উচিত।”

সরকারের সারের মজুদের দাবি নিয়ে প্রশ্ন তুলে বিগত চার দলীয় জোট সরকারের সময় কৃষককে গুলি করার প্রসঙ্গ টানেন শফিকুল। তিনি বলেন, “সার সংকটের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত গুদাম ভর্তি, সরকারের সারের মজুদ, আবার সেই ২০০১ থেকে ২০০৬ সালের সিনড্রোম; যখন এক বস্তা সারের জন্য আমার কৃষককে গুলির মুখে জীবন দিতে হয়েছিল।

“আমরা কি বাংলাদেশকে আবার সেই কৃষকদেরকে গুলির মুখে ফেলতে চাচ্ছি? তার আগে এই সমস্যার সমাধানে আমাদের উদ্যোগ নিতে হবে?”

পরে শফিকুলের বক্তব্যের জবাব দিতে দাঁড়ান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, “২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন সরকারে ছিলাম, মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি ছিলেন কৃষিমন্ত্রী।

“সেই সময়ে কৃষকরা গুলি খেয়েছিল। এই গুলিটার ব্যবস্থা করেছিল তৎকালীন যারা এই দেশের উৎখাত চায়, ধ্বংস চায় তারা।” 

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “আজকে বিরোধীদের কাছ থেকে সেরকম একটা বক্তব্য আমরা চাই না। তারা রিয়েল সেন্সে, রিয়েলি দেশের কল্যাণ হয় এমন কিছু বলবেন, সেটা প্রত্যাশা করি। আমরা দুই দলই সংবেদনশীল। এই দেশে কৃষকদের বাঁচাতে চাই। কৃষকদের পাশে দাঁড়াতে চাই এবং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চাই।”

‘বট বাহিনী’ ধরে টুকুর খোঁচা

পরে আলোচনায় অংশ নিয়ে শফিকুল ইসলাম মাসুদের ‘বট বাহিনী’ মন্তব্য ধরে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাই সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদকে। আমি দীর্ঘদিন ছাত্ররাজনীতি করা লোক। অন্তত আজকে স্বীকার করছেন যে বট বাহিনী এবং জামায়াত অপপ্রচার করে নাই। ধন্যবাদ জানাই, যে আপনারা করতেন।”

বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমরা আপনাদের গৃহপালিত বলতে চাই না। আমরা এই সংসদ গৃহে আপনাদেরকে রাখতে চাই। আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলুন। ষড়যন্ত্র করবেন না। এইটা আমরা চাই।”

সার নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে টুকু দাবি করেন, “দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সরকার ব্যবস্থা নিচ্ছে।”

এদিকে সার সংকট নিয়ে পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান পাঁচ সংসদ সদস্যের সমর্থন নিয়ে ৬৮ বিধিতে আলোচনার নোটিশ দেন।

এক ঘণ্টার জন্য নির্ধারিত আলোচনা শেষ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা চলে।