১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফারইস্টের সাবেক পরিচালক খালেক তিনদিনের রিমান্ডে

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

অর্থ আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক পরিচালক এম এ খালেককে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম বলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করার মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মশিউর রহমান, খালেককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। 

“আমরা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।”

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক পরিচালক এম. এ খালেক দায়িত্বে থাকাকালে অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে ফারইস্টের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও ভবন কেনেন ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায়। ওই টাকা থেকে বিক্রেতাকে ৪৫ কোটি টাকা স্থানান্তর বা হস্তান্তর করেন। সেজন্য দুদক তার বিরুদ্ধে মামলা করে।

আসামি ৪৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা পান।  ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা মো. আজহার খান তার নামে ৫ কোটি টাকা, তার স্ত্রী সাবিহা খালেকের নামে ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেদের নামে ৭ কোটি ৮৭ লাখ ৫০হাজার টাকা আত্মসাৎ করেন। মামলার সঙ্গে আরো কারা কারা জড়িত, অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় আরো কারা সহযোগী ছিলেন তা জানার জন্য খালেককে ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন প্রয়োজন বলে আবেদনে বলেছে দুদক।