Published : 13 Aug 2026, 03:39 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, এ মামলার চারজন আসামি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছে।
“এখন তাদের আদালতে উপস্থিত করা হয়নি। তাদের এই মামলায় উপস্থিত করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারির আবেদন করা হয়েছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানি আগামী ১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ওইদিন আসামিদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিতে হোসেন নিহত হন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন।
হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান।
এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতক আসামিদের মধ্যে।
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন ১০ জন।