বঞ্চিত কর্মকর্তাদের আশ্বাস দিলেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেয়া হবে।”
সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তবে দুর্নীতির কারণে কেউ বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
দায়িত্ব পাওয়ার প্রথমদিন রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেয়া হবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, জননিরাপত্তা বিভাগের সদ্য বিদায়ী জ্যেষ্ঠ সচিব মো. মোকাব্বির হোসেন, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা মন্ত্রণালয়ে পৌঁছলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলে প্রথমে সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়।
তার নিয়োগের সপ্তাহ না ঘুরতেই তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তার জায়গায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পান আরেক সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।
