পর্যবেক্ষক সংস্থা: নিবন্ধন আবেদন যাচাইয়ে কমিটি
৫ বছরের জন্য নিবন্ধন পাবে যোগ্য সংস্থা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী সংস্থাগুলোর আবেদন যাচাইয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ইসির আইন শাখার যুগ্ম সচিব ফারুখ আহমেদকে আহ্বায়ক করে বুধবার এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম, লাইব্রেরিয়ান নাছিমা আক্তার, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা, সহকারী সচিব জেবুন নাহার ও মাহবুব রোমান চৌধুরী, সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেল্লাজ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোশাররফ হোসেন ও সহকারী সচিব আশরাফুল আলম।
জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হককে করা হয়েছে সদস্য সচিব।
বাছাই তালিকা আগামী সপ্তাহে
আশাদুল হক জানান, এ কমিটি তিন শতাধিক আবেদন যাচাই-বাছাইয়ের জন্য পর্যবেক্ষক নীতিমালা ২০২৫, বিজ্ঞাপনের শর্তাবলী ও সংশ্লিষ্ট আইনের আলোকে চেকলিস্ট অনুযায়ী আবেদন এবং এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দলিলাদি যাচাই-বাছাই করবে। বাছাই শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে তালিকা প্রকাশ করে তা ইসি সচিবকে দেওয়া হবে।
নির্বাচন পর্যবেক্ষক (দেশি) সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ১০ অগাস্ট বিকাল ৫টার মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করে। আর নির্ধারিত সময়ের পরে আবেদন করেছে ১৩টি সংস্থা।
আবেদন যাচাই-বাছাই শেষে করণীয় ঠিক করতে তা কমিশনে উপস্থাপন করবে।
যোগ্যতাসম্পন্ন সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী ৫ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে।
নিবন্ধিত সংস্থাগুলো এ সময়ের মধ্যে অনুষ্ঠিত সব নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন) পর্যবেক্ষণ করতে পারবে।
