১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

“ইসরায়েলের এমন বেপরোয়া কার্যকলাপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে,” বলেন তৌহিদ হোসেন।

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ওআইসির পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে শনিবার বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: বাসস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 01:15 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলের ‘অবৈধ সামরিক আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আঞ্চলিক ও বৈশ্বিক শান্তিতে ঝুঁকি তৈরি করা এমন কর্মকাণ্ডের জন্য তেল আবিবকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। 

শনিবার তুরস্কের ইস্তামবুলে ওআইসির পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত  করেন বলে বাসসের খবরে বলা হয়। 

লিখিত বক্তব্যে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এ ধরনের উসকানি তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানায়। বাংলাদেশ চায়, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি বিশ্ব সম্প্রদায় যেন কূটনীতি ও আন্তর্জাতিক নিয়মকানুন মেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যায়।”

পররাষ্ট্র উপদেষ্টা ইসরায়েলের হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ এবং ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসরায়েলের এমন বেপরোয়া কার্যকলাপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

তিনি বলেন, “সেখানে নিরীহ মানুষের প্রাণহানি, বেসামরিক অবকাঠামোর ধ্বংস এবং আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিকবিষয়ক আইন ধারাবাহিকভাবে লঙ্ঘন করা হচ্ছে।”

রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তৌহিদ হোসেন। 

তিনি বলেন, পদক্ষেপ নিতে দেরি হলে তা এ অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।