১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার জোড়া লাগানো শিশু জয়নব-কুলসুমের চিকিৎসার ভার নিল সরকার

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে জোড়া লাগানো যমজ শিশু মনি ও মুক্তার চিকিৎসা হয়েছে সরকারের তত্ত্বাবধানে।

এবার জোড়া লাগানো শিশু জয়নব-কুলসুমের চিকিৎসার ভার নিল সরকার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে জোড়া লাগানো দুই শিশুকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 11:37 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

কুষ্টিয়ার জোড়া লাগানো দুই শিশুর চিকিৎসার দায়িত্বে এগিয়ে এল সরকার।

সোমবার মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাদের চিকিৎসায় সরকারের সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির তিন মাস শিশু জয়নব ও উম্মে কুলসুমকে সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাদের জন্ম হয়েছিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রধানমন্ত্রীর নজরে আসে।

“প্রধানমন্ত্রীর নির্দেশে আমি শিশু দুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করি এবং চিকিৎসায় সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার অনুরোধ করি।”

শিশু দুটির চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “প্রয়োজনে দেশের বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা হবে। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা চিকিৎসা সেবা দেব, যেন শিশু দুটি সুস্থ হয়ে উঠতে পারে।”

তাদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলে জানান তিনি।

নাহিদ-সানজিদা দম্পতির জোড়া লাগানো সন্তান ছাড়াও একটি ছেলে সন্তান রয়েছে।

নাহিদ বলেন, জন্মের পর থেকেই দুই শিশু মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছিল। অভাব-অনটনের কারণে প্রতিদিনের ওষুধ ও খাবারের খরচ চালাতে পারছিলেন না। পরে সংবাদমাধ্যমের খবরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে জোড়া লাগানো যমজ শিশু মনি ও মুক্তার চিকিৎসা হয়েছে সরকারি খরচে। ২০০৯ সালের ২২ অগাস্ট মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয় মনি ও মুক্তা। প্রায় ছয় মাস পরে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক এম আর খান অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করেন।

মনি ও মুক্তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়।