১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের তার ছুঁল রড, প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের

“ভবনের নিচতলায় কাজ করার সময় রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে দুইজন অচেতন হয়ে পড়ে”, বলেন নিহত রফিকুলের বাবা।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

রাজধানীর ডেমরার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে দুই শ্রমিকের প্রাণ গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডেমরার ভট্টচত্বর এলাকায় ৮ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। তাদের বয়স ২৬।

রফিকুলের বাড়ি কুড়িগ্রামের কচা কাটা থানার মীরকা বাড়ি গ্রামে। শফিকুল একই গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। ডেমরার নির্মাণাধীন ওই ভবনটির পাশেই থাকতেন তারা।

রফিকুলের বাবা ও নির্মাণাধীন ভবনটির সহঠিকাদার ইউসুফ আলী বলেন, “ভবনের নিচতলায় কাজ করার সময় রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে দুইজন অচেতন হয়ে পড়ে।”

তাদের উদ্ধার করে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি মর্গে রয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।