টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য: রিজওয়ানা
পর্যটন চর্চায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রকৃতি রক্ষা করা সম্ভব হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি।”
শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উদ্যোগে 'টেকসই উন্নয়নে পর্যটন' স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে শোভাযাত্রা, সাইকেল শোভাযাত্রা, সিটি ট্যুর ও ফুড স্টল উদ্বোধন শেষে এই উপদেষ্টা কথা বলছিলেন।
তিনি বলেন, তরুণ সমাজকে প্রকৃতিনির্ভর পর্যটনের প্রতি আগ্রহী করে তুলতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
“বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন কিংবা পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত, আমাদের অমূল্য সম্পদ। এসব সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে।”
পর্যটন চর্চায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
