গণআন্দোলন নিয়ে লেখা বইয়ের মোড়ক খুললেন প্রধান বিচারপতি
“বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল; বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ,” বলেন প্রধান বিচারপতি।
‘হাই কোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি তার দপ্তরে বুধবার দুপুরে মোড়ক উন্মোচন করেন।
বইটি লিখেছেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।
প্রধান বিচারপতি বলেন, “বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল। বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ। এ উদ্যোগকে আমি শুভ সূচনা বলব।”
লেখক ডালিম বলেন, একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ নিল, সেটিই ধারাবাহিকভাবে তুলে ধরেছেন বইটিতে। উঠে এসেছে নানা ‘চাঞ্চল্যকর তথ্য’।
বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ল' টাইমস (বিএলটি)। দাম ধরা হয়েছে ৩৫০ টাকা। ৫ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বই মেলায় এটি পাওয়া যাবে।
