Published : 10 Aug 2026, 09:53 PM
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার ‘সিদ্ধান্তের’ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গত ৩ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরনো চক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, “এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার যে প্রক্রিয়া চালু রয়েছে, তা শিক্ষক নিয়োগে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছে।
“ফলে একজন প্রার্থী নিজ যোগ্যতায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়া শিক্ষকদের পেশাগত মর্যাদাও বৃদ্ধি করেছে।”