১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন ওয়ান ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা ফজলে রাব্বি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার বিকাল ৪টার দিকে তিনি ভর্তি হয়েছিলেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। তখনই তিনি মারা যান।

সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর বড় ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। 

ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন ‘যায়যায়দিন’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাঈদ হোসেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন।