Published : 14 Apr 2026, 03:53 PM
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে আরও তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম জামসেদ আলম শুনানি নিয়ে মঙ্গলবার এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
গেল ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরদিন জুলাই আন্দোলনের সময়ের দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ছয়দিনের রিমান্ড পাঠায় আদালত।
এরপর মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ এপ্রিল আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এ মামলাতেই ৮ এপ্রিল তাকে আরও তিন দিন এবং ১২ এপ্রিল দুই দিনের রিমান্ডে পায় পুলিশ।
রিমান্ড শেষে মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আজিজুল হক দিদার বলেন, “আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদন মঞ্জুরের প্রার্থনা করি।
“আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাওয়া হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড দিয়েছে।”
মামলার বিবরণীতে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুরও চালানো হয়।
একই সময় ‘ককটেল হামলা, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিতে’ বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন নামে এক কর্মী।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এ মামলা করেন।