২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে ‘পড়ে’ তরুণের মৃত্যু

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 06:15 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

ঢাকার বিপণিবিতান যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে ‘পড়ে’ আরমান হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে এই তরুণকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পরে রাতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় বলে জানিয়েছেন ভাটারা থানার এসআই রিয়াজুল ইসলাম।

১৮ বছর বয়সী আরমান হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের রেনু মিয়া ও শামছুন্নাহার দম্পতির সন্তান। বর্তমানে তিনি রামপুরার হাজীপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।

এসআই রিয়াজুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, পঞ্চম তলা থেকে ওই তরুণ লাফিয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান।”

পুলিশ কর্মকর্তা রিয়াজুল বলেন, আরমান হোসেনের বাবা রেনু মিয়া ভাঙারি ব্যবসায়ী, তার মা অসুস্থ। পরিবারের অর্থনৈতিক টানাপড়েনের মধ্যে নিজের বেকারত্ব নিয়ে হতাশায় ছিলেন আরমান। সেই হতাশা থেকে তিনি লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।