১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি তুহিন ও মহিলা লীগের রোকেয়া নতুন মামলায় গ্রেপ্তার

পুলিশের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 01:41 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

জুলাই আন্দোলনের সময় মিরপুর মডেল থানার হত্যাচেষ্টার মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

এছাড়া মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে।

পুলিশের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. আহসান সোহেল সৌরভ গত ১৯ জুন তুহিনকে এবং রোকেয়া জামালকে গত ১৬ জুন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন একই থানার এসআই কবির হোসেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শামছুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন।

পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানোর মামলার বিবরণের বলা হয়েছে, চব্বিশের জুলাই আন্দোলনের সময় ৪ অগাস্ট মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনে মিলন পান্না গুলিবিদ্ধ হন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর আদালতে মামলা করেন মিলন পান্না।

আর রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর মামলার বিবরণে বলা হয়েছে, চব্বিশের জুলাই আন্দোলনের সময় ৪ অগাস্ট মিরপুর- ১০ নম্বর এলাকায় গুলিবিদ্ধ হন মো. শাকিল। চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট মারা যান তিনি। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।