Published : 21 Oct 2025, 01:07 PM
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার আন্দোলনের মুখে তাদের বাড়ি ভাড়া ভাতা ফের পুনর্নির্ধারণ করছে সরকার।
নভেম্বর মাস থেকে এ শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা এবং আগামী বছরের জুলাই থেকে তাদের মূল বেতনের ১৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া ভাতা দিতে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে সম্মতি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। গত ১৭ অক্টোবর তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন।
সকালেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে দাবিদাওয়া জানাচ্ছিরেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। অবস্থান কর্মসূচির পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের একাংশের অংশগ্রহণে 'আমরণ অনশন' কর্মসূচিও চলমান আছে। অনশনরত ৪ জন শিক্ষক অসুস্থও হয়ে পড়েছেন।
সরকারের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষক নেতারা দাবি-দাওয়া নিয়ে আলোচনা চালাচ্ছেন বলেও জানিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সঙ্গে আলোচনা চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা সচিবালয়ে আলোচনার জন্য যাব। সরকার কি প্রস্তাব দেয় তা নিয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপি, জাতীয় নাগরিক পার্টির-এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসুসহ বিভিন্ন শিক্ষক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থীরাও শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
ভাতা আগে কত বেড়েছিল
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা প্রথম দফায় ৫০০ টাকা বাড়িয়েছিল সরকার; তবে গত ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন।
এরপর গত ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীরা লাগাতার আন্দোলন শুরু করেন।
আন্দোলনের মধ্যেই ১৯ অক্টোবর মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয় শিক্ষক-কর্মচারীদের জন্য। তবে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা নির্ধারণে নিজেদের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা দুই দফায় বাড়িয়ে নূন্যতম ২ হাজার টাকা করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শাতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।
আন্দোলনের দশমতম দিনে ভাতা ফের পুনর্নির্ধারণ করল সরকার।