১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহাখালী টার্মিনাল থেকে এনার বাস চুরি, মিরপুর বেড়িবাঁধে উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ বাসটি উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 05:10 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

রাজধানীর মহাখালী টার্মিনাল থেকে এনা পরিবহনের একটি বাস চুরি করে নিয়ে যাওয়ার সময় মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মহাখালী টার্মিনাল থেকে মাহফুজ নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, টার্মিনালে পার্কিং করা ৪০ সিটের এনা পরিবহণের একটি বাস চুরি হয়ে গেছে। বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে তারা দেখতে পাচ্ছেন, সেটি মিরপুর বেড়িবাঁধে চলমান অবস্থায় রয়েছে।

এরপরে ৯৯৯ থেকে তুরাগ থানা এবং রূপনগর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহণের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩০৯) নম্বরের বাসটি আটক করে। গ্রেপ্তার করা হয় মো. রাসেল ও লালচান নামে দুইজনকে। 

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসের প্রকৃত লোকজন এসে রূপনগর থানায় মামলা করেছে। পরে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।”