১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অর্থমন্ত্রী আমির খসরু হাসপাতালে

“স্যার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।”

অর্থমন্ত্রী আমির খসরু হাসপাতালে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 03:56 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

অসুস্থবোধ করায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার ব্যক্তিগত সহকারী শহীদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “স্যার গতকাল অসুস্থবোধ করায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে অনেকটা সুস্থবোধ করছেন। স্যার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।”       

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এরপর তাকে অর্থ  ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

আমির খসরু ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসন থেকে তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনের দুই নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান তিনি।

২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর আমির খসরুকে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৪ পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন।

আমীর খসরুর বাবা মাহমুদুন্নবী চৌধুরী পাকিস্তান আমলে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন।

পেশায় ব্যবসায়ী আমির খসরু চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। এক সময় তিনি সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন ।