১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোনে ছুটি বাড়ল শনিবার পর্যন্ত

তৃতীয় দফায় ছুটি বাড়ানোয় আগামী শনিবার পর্যন্ত দিয়াবাড়ি ক্যাম্পাসে সব ধরনের শিক্ষা কর্যক্রম বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 11:08 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

যুদ্ধবিমান বিধ্বস্তের প্রাণঘাতী ঘটনায় বন্ধ হয়ে যাওয়া রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়া বাড়ি ক্যাম্পাসের ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। 

তৃতীয় দফায় ছুটি বাড়ানোয় আগামী শনিবার (২ অগাস্ট) পর্যন্ত সব ধরনের শিক্ষা কর্যক্রম বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।

"আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে আগ্রহী। আশা করছি, দ্রুতই আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারব।"

গত সোমবার (২১ জুলাই) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

এ ঘটনায় প্রথম দফায় তিন দিন এবং দ্বিতীয় দফায় সোমবার (২৮ জুলাই) পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আর তৃতীয় দফায় বাড়ানো হলো আগামী শনিবার পর্যন্ত। 

দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

দগ্ধ ও আহত ৩৪ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১১ জন সিএমএইচে ও একজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।