১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালালে ফলের ক্রেটে মিলল ১৬ কেজি সোনা

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 06:26 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্রেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬টি সোনার বার জব্দ করেছে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউজ।

এসব বারের প্রতিটির ওজন ১ কেজি; সব মিলিয়ে প্রায় ১৬ কেজি সোনা জব্দ করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই সোনা চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে এসব সোনার চালান জব্দ করা হয়।”

কাস্টমসের একজন কর্মকর্তা বলেছেন, “সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক এবং এর এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।